দেশজুড়ে ভূমি মালিকদের ৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধের নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৯:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 116
চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর বা খাজনা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে সারাদেশের ভূমি মালিকদের জরুরি নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে জমির নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইন সেবা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এখন ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে। এ জন্য নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে খতিয়ান ও জোতের তথ্য যুক্ত করতে হবে। এরপর করের পরিমাণ দেখে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।
সরকারের দাবি, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও সহজ করতে এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। এতে ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন কমবে এবং সাধারণ মানুষের সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।
ভূমি মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে খাজনা পরিশোধ না করলে বকেয়ার ওপর আইন অনুযায়ী সুদ যুক্ত হতে পারে। তাই আইনি জটিলতা এড়াতে ৩০ জুনের আগেই কর পরিশোধের পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের আশা, অনলাইন পদ্ধতির মাধ্যমে ভূমি কর আদায়ে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও কমবে।

































