বিদেশি গণমাধ্যমের লাগাম টানল পাকিস্তান
- সর্বশেষ আপডেট ০৭:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 10
পাকিস্তানের তিন প্রধান শহর ইসলামাবাদ, লাহোর ও করাচির বাইরে সংবাদ সংগ্রহ করতে হলে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের আগে থেকেই সরকারি অনুমতি নিতে হবে। গত সোমবার দেশটির তথ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের একটি বার্তা গ্রুপে এ-সংক্রান্ত নতুন নির্দেশনা পাঠায়।
এ ছাড়া পাকিস্তানে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের বাধ্যতামূলকভাবে সরকারের কাছে নিবন্ধন করতে হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সরকারের এ নতুন নির্দেশনায় দেশটির মানবাধিকার ও গণমাধ্যম-সংশ্লিষ্ট সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এ সিদ্ধান্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নতুন চাপ সৃষ্টি করবে।
তথ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সব সাংবাদিক, এমনকি ফ্রিল্যান্স সাংবাদিকদেরও সরকারের এক্সটার্নাল মিডিয়া উইংয়ে নিবন্ধন করতে হবে।
এ ছাড়া ইসলামাবাদ, লাহোর ও করাচির বাইরে সংবাদ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকে সরকারের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিতে হবে।
তবে এ নির্দেশনা কতটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে কিংবা তা অমান্য করলে কোনো শাস্তি দেওয়া হবে কি না, সে বিষয়ে মন্ত্রণালয় কিছু জানায়নি।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান-শাসিত কাশ্মীরে সাম্প্রতিক বিক্ষোভ ও স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ ওঠার পরই নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে। তবে কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে এ সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তথ্য মন্ত্রণালয় কিছু জানায়নি।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাদের মতে, ২৫ কোটি মানুষের দেশ পাকিস্তানে নিরাপত্তা, পরিবেশ ও মানবাধিকারসংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেক ঘটনা রাজধানী ও বড় শহরের বাইরে ঘটে। নতুন নিয়ম কার্যকর হলে এসব বিষয়ে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ বাধাগ্রস্ত হবে।
পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) এক বিবৃতিতে বলেছে, ‘ফরেন মিডিয়া ফ্যাসিলিটেশন গাইডলাইনস ২০২৬’ সাংবাদিকতার কাজ সহজ করার পরিবর্তে সংবাদ সংগ্রহের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বাড়াবে এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে স্বাধীন সংবাদ প্রকাশের পথে বাধা সৃষ্টি করবে।
এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান নিয়মেও বড় শহরের বাইরে সংবাদ সংগ্রহের জন্য বিদেশি সাংবাদিকদের এনওসি নিতে হয়। তবে সেটি পেতে অনেক সময় কয়েক সপ্তাহ লেগে যায়, ফলে জরুরি ঘটনার সংবাদ সংগ্রহ ব্যাহত হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও দেশটির তথ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয়ের এক্সটার্নাল মিডিয়া উইং তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।






























