পোশাক খাতে সম্মিলিত উদ্যোগ চান রাষ্ট্রপতি
- সর্বশেষ আপডেট ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 41
দেশের পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতির গতি সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যাতে সংশ্লিষ্ট সব পক্ষই উপকৃত হয়। অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে সরকার অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব বিভিন্ন নীতি গ্রহণ করেছে।
তিনি বলেন, বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্যের টেকসই বিকাশের জন্য প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা জরুরি। দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। অর্থনীতির গতি সচল রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে নিটওয়্যার শিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে উদ্যোক্তা ও রপ্তানিকারকদের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি।
এ সময় দেশের যেকোনো সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিকেএমইএর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।





























