আইনে স্বীকৃতি, গৃহকর্মীদের মর্যাদা মিলবে কবে?

- সর্বশেষ আপডেট ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 180
আইনে স্বীকৃতি মিললেও গৃহকর্মীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এখনো বড় বাধা হয়ে আছে। ন্যায্য মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও শ্রমিক হিসেবে মর্যাদা; এসব ক্ষেত্রে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। বক্তারা বলছেন, আইন পরিবর্তনের পাশাপাশি পরিবার, নিয়োগকর্তা ও সমাজের মানসিকতায় পরিবর্তন না এলে গৃহকর্মীদের অধিকার বাস্তবে প্রতিষ্ঠা করা কঠিন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার আলোকিতে বাংলাদেশে অক্সফ্যামের আয়োজনে ‘হ্যান্ডস দ্যাট হোল্ড হোমস: রাইটস, রেজিলিয়েন্স অ্যান্ড দ্য ফিউচার অব ডমেস্টিক ওয়ার্কারস’ শীর্ষক দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে গৃহকর্মীদের জাতীয় ফোরামের সভাপতি জাকিয়া সুলতানা বলেন, সুনীতি প্রকল্পের মেয়াদ শেষ হলেও গৃহকর্মীদের অধিকার নিয়ে কাজ থেমে থাকা উচিত নয়। যেখানে গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই সবাইকে আওয়াজ তুলতে হবে। প্রকল্প শেষ হওয়া মানেই কাজ শেষ হয়ে যাওয়া নয়।
কানাডা সরকারের সহায়তায় ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাস্তবায়িত ‘সুনীতি নারী গৃহকর্মীদের অধিকার সুরক্ষা’ প্রকল্পের সাত বছরের অর্জন, অভিজ্ঞতা, নীতিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকল্পের যাত্রা, অর্জন, শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশে অক্সফ্যামের কর্মসূচি পরিচালক মাহমুদা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অক্সফ্যাম ইন বাংলাদেশের যোগাযোগ ও অ্যাডভোকেসি বিভাগের প্রধান মো. শরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির বলেন, গৃহকর্মীসহ কোনো খাতের শ্রমিকদের অধিকার শতভাগ নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। প্রতিটি বাড়িতে গিয়ে শিশু শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়েছে কি না, তা সরকারের পক্ষে এককভাবে মনিটর করাও সম্ভব নয়। এ ক্ষেত্রে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, কম মজুরি, দীর্ঘ কর্মঘণ্টা, সামাজিক সুরক্ষার অভাব, কর্মক্ষেত্রে হয়রানি এবং অধিকার সম্পর্কে সীমিত সচেতনতা এখনো গৃহকর্মীদের বড় চ্যালেঞ্জ। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে। সংশোধিত শ্রম আইনের আলোকে শ্রম বিধিমালা হালনাগাদের কাজও অনেক দূর এগিয়েছে, যা চলতি বছরের মধ্যেই রূপ পাবে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, আইন ও নীতিতে পরিবর্তন আনার পাশাপাশি মানুষের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। গৃহকর্মীদের সহকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।
কর্মজীবী মায়েদের জন্য কর্মস্থল ও আবাসিক ভবনে দিবাযত্ন কেন্দ্র নিশ্চিত করার পাশাপাশি গৃহকর্মীদের সামাজিক সুরক্ষার আওতায় আনার আহ্বান জানান তিনি।
শ্রম সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ২০২৬ সালের সংশোধিত শ্রম আইনে গৃহকর্মীদের স্বীকৃতি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও তা এখনো আংশিক। সুনীতি প্রকল্পের অন্যতম বড় অর্জন হলো গৃহকর্মীদের সংগঠিত করা এবং তাদের নিজস্ব নেতৃত্বকে শক্তিশালী করা।
কানাডা সরকারের অ্যাক্টিং হেড অব করপোরেশন জেন পালমার বলেন, সুনীতি প্রকল্প গৃহকর্মীদের দক্ষতা, আত্মবিশ্বাস এবং সম্মিলিতভাবে সংগঠিত হওয়ার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ প্রকল্পের অভিজ্ঞতা বাংলাদেশকে সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আন্তর্জাতিক শ্রম সংস্থার বাংলাদেশ কার্যালয়ের কর্মসূচি ব্যবস্থাপক নিরান রামজুথান বলেন, গৃহকর্মীদের অদৃশ্য ও অনানুষ্ঠানিক অবস্থান থেকে আইনি সুরক্ষার কাঠামোয় নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে।
একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, গৃহকর্মীদের নিয়ে সমাজের প্রচলিত মানসিকতায় এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। একই সঙ্গে শিশুদের ভবিষ্যতে গৃহকর্মে যুক্ত না করার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
অক্সফ্যাম ইন বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত বলেন, আইন বাস্তবায়নের পাশাপাশি গৃহকর্মীদের অধিকার ও মর্যাদার প্রতি সামাজিক সম্মান নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে সুনীতি প্রকল্পের সাত বছরের অভিজ্ঞতা, তথ্য-প্রমাণ, নীতিগত বিশ্লেষণ এবং গৃহকর্মীদের জীবনের ১০টি গল্প নিয়ে তৈরি প্রধান প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
পরবর্তী অধিবেশনে প্রকল্পের চূড়ান্ত মূল্যায়নের ফলাফল ও শিক্ষা উপস্থাপন করেন অক্সফ্যাম কানাডার পুষ্পিতা সাহা। সঞ্চালনা করেন অক্সফ্যাম ইন বাংলাদেশের তারেক আজিজ।
মূল্যায়ন প্রতিবেদনে জানানো হয়, গৃহকর্মীদের অধিকার বিষয়ে সচেতনতা ২০১৯ সালে ১২ শতাংশ থেকে ২০২৫ সালে বেড়ে ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। মজুরি নিয়ে দর-কষাকষির সক্ষমতা ২৩ শতাংশ থেকে বেড়ে ৬১ শতাংশ এবং লিখিত চুক্তির হার ৮ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হয়েছে। জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ গৃহকর্মী জানিয়েছেন, তারা আগের তুলনায় বেশি মজুরি পাচ্ছেন। তাদের মাসিক আয় গড়ে ৮৫০ টাকা বেড়েছে।
দুপুরের পর ‘স্বীকৃতি থেকে নিরাপদ ভবিষ্যৎ: অধিকার, শ্রমিক নেতৃত্ব, মর্যাদাপূর্ণ কাজ ও অংশীদারিত্ব’ শীর্ষক আলোচনায় সংশোধিত শ্রম আইনের কার্যকর বাস্তবায়ন, সামাজিক সুরক্ষা, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা, দক্ষতার স্বীকৃতি, নিয়োগকর্তার জবাবদিহি এবং গৃহকর্মীদের নেতৃত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দিনের শেষ অধিবেশনে গৃহকর্মীদের জীবন, সংস্কৃতি, শিক্ষা ও ভবিষ্যতের অঙ্গীকার তুলে ধরা হয়। বক্তারা বলেন, সুনীতি প্রকল্পের মেয়াদ শেষ হলেও গৃহকর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার কাজ শেষ হয়নি। আইন, প্রতিষ্ঠান, নিয়োগকর্তা ও সমাজ; সব পর্যায়ে সম্মিলিত পরিবর্তনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।































