পাথরবোঝাই ট্রাক থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
- সর্বশেষ আপডেট ০১:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 16
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথরবোঝাই একটি ট্রাক তল্লাশি করে প্রায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাথরের স্তরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে এসব শাড়ি পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ ট্রাকটি জব্দ করেন বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকার দিকে যাওয়া একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় ট্রাকে থাকা পাথর সরিয়ে নিচে লুকানো অবস্থায় ১ হাজার ৯২৫টি ভারতীয় শাড়ি পাওয়া যায়। পরে শাড়িগুলোসহ ট্রাকটি জব্দ করে বিজিবি।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা শাড়ি ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০ টাকা। জব্দ করা শাড়ি ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত দিয়ে চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

































