ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: চিফ হুইপ
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হয়নি
- সর্বশেষ আপডেট ০৩:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 10
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে এবং দলের স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়ে যোগ্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
তিনি বলেন, বিএনপি সবসময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চায়। রাষ্ট্রপতি পদে এমন একজনকে মনোনয়ন দেওয়ার লক্ষ্য রয়েছে, যিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের মানুষের স্বার্থে কাজ করতে পারবেন।
নূরুল ইসলাম মনি আরও বলেন, রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত। সিদ্ধান্ত নেওয়ার পর যথাসময়ে তা দেশবাসীকে জানানো হবে।





































