‘র’ প্রধানের সফর নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০১:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 125
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে শেখ হাসিনার সরকারের সময়ের মতো কোনো ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি।
একই সংবাদ সম্মেলনে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কিত মন্তব্যও করেন তথ্য উপদেষ্টা। তিনি সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ হিসেবে আখ্যায়িত করেন এবং তার কোনো নিরাপত্তাঝুঁকি নেই বলে মন্তব্য করেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের গোয়েন্দাপ্রধান ইতোমধ্যে ভারত সফর করেছেন। একইভাবে ‘র’-এর প্রধানও বাংলাদেশ সফরে আসতে পারেন। তবে শেখ হাসিনার আমলে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করেছে, ভবিষ্যতে সেই সুযোগ থাকবে না।
সাকিব আল হাসান প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব আল হাসান একজন নষ্ট পচে যাওয়া মানুষ। উনার কোনো নিরাপত্তাঝুঁকি নেই।’
সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যালোচনা করা হচ্ছে। সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতির উদ্দেশে বক্তব্য দেবেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে এ বিষয়ে একটি কমিটি কাজ করছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য। ১৮০ দিন পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী সরাসরি জনগণের সামনে সরকারের কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরবেন।
এদিকে মন্ত্রিসভার সদস্যদের কর্মদক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে রদবদল হতে পারে বলেও জানান তিনি। তবে এ ধরনের পরিবর্তনের সঙ্গে সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড মূল্যায়নের সরাসরি কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরলে তাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তিনি সঠিক বিচার পাবেন।





























