নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন
- সর্বশেষ আপডেট ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 15
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের কৌটা কাটার সময় সৃষ্ট স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গোডাউনে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় ঘর্ষণের ফলে স্পার্ক তৈরি হয়। প্রাথমিকভাবে ওই স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত নিয়ন্ত্রণে কাজ করেন। তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। একইভাবে গোডাউনের কী পরিমাণ মালামাল পুড়েছে বা আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটিও এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুন পুরোপুরি নির্বাপণ ও ঘটনাস্থল পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। কেমিক্যালজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।































