দেশীয় বাজারে ‘এআই’ জানাবে পণ্যের আগাম সংকট
- সর্বশেষ আপডেট ০৮:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 17
১০ বছরের বাজার তথ্য বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সম্ভাব্য সংকট আগেই শনাক্ত করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (২৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-কমার্স বাস্তবায়ন বিষয়ক সভায় তিনি জানান, দেশের নিত্যপণ্য সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষি, খাদ্য ও শিল্প খাতের সংবেদনশীল পণ্যের উৎপাদন, আমদানি ও সরবরাহ পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। কোনো পণ্যের উৎপাদন বা আমদানিতে সমস্যা দেখা দিলে আগেই ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, বাজারে মূল্যবৃদ্ধির বড় কারণ অনেক সময় সরবরাহ সংকট। তাই সরকারের লক্ষ্য শুধু দাম নিয়ন্ত্রণ নয়, বরং সরবরাহ ব্যবস্থা সচল রেখে বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা।
মন্ত্রী জানান, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন, মৌসুমি ঘাটতি, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানিকারক দেশের সক্ষমতা নিয়মিত বিশ্লেষণ করবে এআই প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কোন পণ্য কখন ঘাটতিতে পড়তে পারে এবং কোথা থেকে আমদানি করলে সুবিধা হবে, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
তিনি আরও জানান, এ ব্যবস্থায় সরকারি তথ্যের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন উৎসের তথ্য যুক্ত করা হবে। কৃষি, খাদ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে এটি পরিচালিত হবে।
































