টার্মিনাল বন্ধে বদলাল যানজটের চিত্র
- সর্বশেষ আপডেট ০৮:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 63
কেরানীগঞ্জে টার্মিনাল স্থানান্তরের অংশ হিসেবে ফুলবাড়িয়া আন্তজেলা বাস টার্মিনালে দূরপাল্লার বাস প্রবেশ বন্ধ করায় সেখানে শৃঙ্খলা ফিরলেও গুলিস্তান ও হানিফ ফ্লাইওভারে বেড়েছে যানজট।
মঙ্গলবার (২৮ জুলাই) সরেজমিনে দেখা যায়, ফুলবাড়িয়া-ঢাকা মেডিকেল রুটে আগের তুলনায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। দক্ষিণাঞ্চলের দূরপাল্লার বাসের চাপ কমায় ওই এলাকায় যানজটও কমেছে।
তবে দূরপাল্লার বাসগুলো এখন গুলিস্তান এলাকায় যাত্রী ওঠানামা করায় হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সড়কে বাড়তি চাপ তৈরি হয়েছে। ফ্লাইওভারের ওপর তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, আগে বাসগুলো ফ্লাইওভার দিয়ে ঢাকা মেডিকেল হয়ে ফুলবাড়িয়া টার্মিনালে যেত। এখন গুলিস্তানেই যাত্রী নামানো-ওঠানোর কারণে যানজট বাড়ছে। অনেক বাস ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে যাত্রী তুলছে, যা পরিস্থিতি আরও জটিল করছে।
ফুলবাড়িয়ার বিভিন্ন কাউন্টার থেকে এখনও টিকিট বিক্রি করা হচ্ছে। তবে যাত্রীদের সায়েদাবাদ, দোলাইপাড় বা গুলিস্তান এলাকায় গিয়ে বাসে উঠতে হচ্ছে। এতে নতুন ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
পরিবহন মালিক ও সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্তে তাদের আপত্তি নেই। তবে বিকল্প ব্যবস্থাপনা নিশ্চিত করে পর্যায়ক্রমে কার্যকর করা হলে যাত্রী ও পরিবহন উভয়ের ভোগান্তি কমবে।





























