দুই মাসের মধ্যে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ
- সর্বশেষ আপডেট ০৭:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 21
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। তিনি বলেছেন, কার্ডের জন্য কাউকে কোথাও আবেদন করতে বা দৌড়ঝাঁপ করতে হবে না। সরকারের উদ্যোগেই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে যোগ্য পরিবারগুলোর হাতে কার্ড তুলে দেওয়া হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে রংপুর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স। মন্ত্রণালয়ের কেউ দুর্নীতিতে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না। কারণ জনগণ ও সংসদের কাছে সরকারের জবাবদিহি রয়েছে।”
তিনি জানান, ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হবে। প্রথমে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। কম্পিউটারভিত্তিক যাচাই-বাছাই শেষে নির্ধারণ করা হবে কোন পরিবার এ সুবিধা পাবে।
ডা. জাহিদ হোসেন বলেন, “ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কোনো অফিসে যেতে হবে না। সরকারের কর্মীরাই মানুষের দ্বারে পৌঁছে যাবেন।”
সমাজকল্যাণমন্ত্রী আরও জানান, বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন ভাতা ও সহায়তার অর্থ সরাসরি উপকারভোগীর ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। ফ্যামিলি কার্ডের আওতায় দেওয়া আর্থিক সুবিধাও একই পদ্ধতিতে দেওয়া হবে, ফলে মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না।
প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় ৪৫ লাখ নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছেন। তাদের চিকিৎসা ও পুনর্বাসনে বর্তমানে ৪৫টি মোবাইল থেরাপি ইউনিট কাজ করছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, দেশে বর্তমানে প্রায় ২ হাজার ৬০০টি প্রতিবন্ধী স্কুল রয়েছে। এর মধ্যে ৮৫টি নিবন্ধিত এবং ৭৫টি এমপিওভুক্ত। সরকার প্রতিটি জেলায় একটি করে মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় এবং প্রতিটি উপজেলায় অন্তত একটি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছে।































