কৃষক কার্ডে মিলবে ভর্তুকি-ন্যায্যমূল্য: কৃষিমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৮:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 27
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কৃষক কার্ডের মাধ্যমে উৎপাদন, ভর্তুকি, প্রণোদনা ও বাজার ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে এনে প্রকৃত কৃষকদের স্বার্থ সুরক্ষিত করা হবে।
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিশ্বাস করে, কৃষক স্বাবলম্বী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। তাই কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে উৎপাদন বৃদ্ধি, কার্যকর বাজারব্যবস্থা এবং কৃষকের আয় বাড়াতে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, সরকারের গতি ও পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে না পারলে সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার কোনো বিকল্প নেই।
মন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া বিএনপির ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং সেই অর্থ সরকার সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পরিশোধ করেছে।
তিনি আরও বলেন, দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষ্যে কৃষক কার্ড কার্যক্রম চালু হয়েছে। পাইলট প্রকল্প সফল হওয়ার পর পর্যায়ক্রমে সব কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে। এর ফলে প্রকৃত কৃষক শনাক্ত, সরাসরি ভর্তুকি ও প্রণোদনা বিতরণ, উৎপাদন পরিকল্পনা এবং কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও কার্যকর হবে।
সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের বর্তমান অবস্থা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে পৃথক তথ্যভিত্তিক উপস্থাপনাও করা হয়।






























