ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর জরুরি সতর্কতা
- সর্বশেষ আপডেট ১০:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 122
সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে এ বিষয়ে জরুরি বার্তা দিয়েছে সংস্থাটি।
সাম্প্রতিক এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১(১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ১২টি দোষসূচক পয়েন্ট বরাদ্দ থাকে। কোনো চালক সড়ক বা মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি তার লাইসেন্স থেকে নির্ধারিত পয়েন্টও কেটে নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে রোড সেফটি পেনাল্টি সিস্টেম (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তন করা হচ্ছে।
সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা কমাতে সব চালককে বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে বিআরটিএ।






























