ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
- সর্বশেষ আপডেট ০৪:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 23
দীর্ঘ প্রায় দুই বছর দেশের বাইরে থাকার পর আবারও দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারে তিনি বলেছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন।
শেখ হাসিনার ভাষায়, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো ইচ্ছা নয়। বরং এটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অংশ। তিনি বলেন, ক্ষমতার জন্য নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যেই তিনি রাজনীতি করেন।
মৃত্যুকে ভয় পান না বলেও মন্তব্য করেন তিনি। ১৯৭৫ সালের হত্যাকাণ্ড এবং ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো কঠিন সময় পার করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগেও জনগণের পাশে ছিলেন, এবারও সব বাধা অতিক্রম করে দেশে ফিরবেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং দেশের ইতিহাস ও মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি সংগঠন। অতীতের মতো এবারও দলটি জনগণের শক্তিতেই ঘুরে দাঁড়াবে বলে তার বিশ্বাস।
দলের ওপর নিষেধাজ্ঞা ও বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোনো সরকারের দয়ার ওপর নির্ভর করে না। তার দাবি, দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে কর্মসূচি পালন করছেন।
একই সঙ্গে ৫ আগস্টের পর দেশের জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তির ওপর আঘাত হানা হয়েছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। তবে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জন সম্পূর্ণভাবে নাকচ করে দেন তিনি।
সাক্ষাৎকারের শেষদিকে শেখ হাসিনা বলেন, তিনি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবেন এবং জনগণের শক্তিতেই একদিন গণতন্ত্র ফিরে আসবে বলে তিনি বিশ্বাস করেন।


































