ডিজিটাল নকল ও হ্যাকিংয়ে সর্বোচ্চ ৫ বছরের জেল: শিক্ষামন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৩:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 16
পাবলিক পরীক্ষায় ডিজিটাল নকল, ফলাফল পরিবর্তন বা মেধাতালিকায় হ্যাকিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। নতুন আইনে এসব অপরাধে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে। পরীক্ষার ফলাফল, মেধাতালিকা বা সংশ্লিষ্ট তথ্য হ্যাকিং কিংবা অবৈধভাবে পরিবর্তনের ঘটনায় সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা ভবিষ্যতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। সে লক্ষ্যেই সরকার শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে সাজাচ্ছে।
অনুষ্ঠানে তিনি জানান, শুধু উচ্চশিক্ষার বিস্তার ঘটিয়ে বেকারত্ব বাড়ানো যাবে না। কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।




































