আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবারে গুলি, নিহত ১
- সর্বশেষ আপডেট ০৩:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 8
যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটিতে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহভাজন ২২ বছর বয়সী এক ব্যক্তি এখনও পলাতক।
স্থানীয় সময় ১৬ জুন সন্ধ্যায় কানসাস সিটির বিভিন্ন এলাকায় প্রায় আধা ঘণ্টার মধ্যে পাঁচটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি হামলা হয় ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে, যা আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের ভেন্যু অ্যারোহেড স্টেডিয়ামের কাছাকাছি এলাকায়।
আর্জেন্টিনার দুই সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামে যাওয়ার পথে একটি গাড়ি তাদের পাশ দিয়ে এসে গুলি ছোড়ে। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। পরে পুলিশ তাদের নিরাপদে স্টেডিয়ামে পৌঁছে দেয়। চিকিৎসকরা জানিয়েছেন, চালকের আঘাত গুরুতর নয়।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলাগুলোতে তিনজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
সন্ধ্যায় ট্রুম্যান রোডে একটি গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চালকের শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
পুলিশ কর্মকর্তা জ্যাকব বেকিনা বলেন, ভুক্তভোগীদের সবাই জানিয়েছেন যে তারা গাড়ি চালানোর সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তদন্তকারীদের ধারণা, একাধিক হামলার পেছনে একই সন্দেহভাজন ব্যক্তি জড়িত।
পুলিশ ইতোমধ্যে ২২ বছর বয়সী সন্দেহভাজনকে শনাক্ত করেছে। তাকে ধরতে একটি বাড়িতে অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনী তাকে সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করছে।
































