ব্রাজিল দলের তারকাদের বেঞ্চে বসাতে চায় আনচেলত্তির

- সর্বশেষ আপডেট ০৪:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 227
মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। পারফরম্যান্সের উন্নতির লক্ষ্যে কয়েকজন তারকা খেলোয়াড়কেও বেঞ্চে বসানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর দলকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে ম্যাচের আগে তিনি জানিয়েছেন, একাদশে পরিবর্তন আসছে এবং তুলনামূলক বেশি ফ্রেশ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হতে পারে।
আনচেলত্তি বলেন, দলের ভারসাম্য ও খেলার মান বাড়াতে কিছু পরিবর্তন প্রয়োজন। পাসিংয়ের ভুল কমিয়ে আরও কার্যকর ফুটবল খেলতে চান তিনি। এ কারণে তারকাখচিত একাদশের কয়েকজন খেলোয়াড়কে বেঞ্চেও দেখা যেতে পারে।
মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিল শিবিরে অসন্তোষ রয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে প্রথমার্ধের পারফরম্যান্সে হতাশ কোচের প্রত্যাশা, হাইতির বিপক্ষে দল অনেক বেশি আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল খেলবে।
হাইতিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি। তার মতে, শারীরিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত এই দল যেকোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে নিষেধাজ্ঞার কারণে কাসেমিরো ও ইবানিয়েজকে পাওয়া যাচ্ছে না। তবে এ পরিস্থিতিকেও নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার একটি সম্ভাবনা হিসেবে দেখছেন ব্রাজিল কোচ।
এনদ্রিককে নিয়ে প্রশ্নে আনচেলত্তি বলেন, তরুণ এই ফরোয়ার্ড অসাধারণ প্রতিভাবান। তবে তাকে মাঠে নামানোর সঠিক সময় বেছে নিতে চান তিনি। একই সঙ্গে রাফিনিয়ার প্রতি আস্থা রেখে তাকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন বলেও উল্লেখ করেন।
আনচেলত্তির বিশ্বাস, প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে ব্রাজিল দ্রুত ঘুরে দাঁড়াবে এবং বিশ্বকাপে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেই নিজেদের প্রমাণ করবে।





































