মেসির বাবার ভুয়া মৃত্যু খবর প্রচার করে চাকরি হারালেন সাংবাদিক
- সর্বশেষ আপডেট ০৪:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 121
লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর ভুয়া খবর সরাসরি সম্প্রচারে প্রচার করে চাকরি হারিয়েছেন আর্জেন্টাইন টিভি উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনিয়া। পরে মেসি পরিবার খবরটি গুজব বলে প্রত্যাখ্যান করলে তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি ক্ষমা চান এবং পদত্যাগ করেন।
একটি যাচাইহীন খবর কীভাবে একজন সাংবাদিকের ক্যারিয়ারকে বড় ধাক্কায় ফেলতে পারে, তারই উদাহরণ হয়ে উঠেছেন আর্জেন্টিনার টিভি উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনিয়া।
আর্জেন্টিনার লুজু টিভির একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন এবং এ কারণে মেসিকে দেশে ফিরতে হতে পারে। তবে অল্প সময়ের মধ্যেই মেসির পরিবার ওই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানায়।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, হোর্হে মেসি কিছু স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে গেলেও তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং সুস্থ হয়ে উঠছেন। একই সঙ্গে এমন গুজব ছড়ানোয় পরিবার গভীর কষ্ট পেয়েছে বলেও জানানো হয়।
ঘটনার পর ফ্লোরেন্সিয়া পেনিয়া প্রকাশ্যে ক্ষমা চান। তিনি বলেন, সরাসরি সম্প্রচারের সময় প্রোডাকশন টিমের কাছ থেকে পাওয়া তথ্যকে সত্য বলে বিশ্বাস করেছিলেন। তবে ভুল তথ্য প্রচারের দায় নিজের কাঁধেই নেন তিনি।
পরে তিনি লুজু টিভি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। চ্যানেল কর্তৃপক্ষও এক বিবৃতিতে জানায়, যথাযথ যাচাই ছাড়া এমন স্পর্শকাতর তথ্য প্রচার গ্রহণযোগ্য নয়। এজন্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করা মেসিকে ম্যাচে আবেগপ্রবণ দেখা গিয়েছিল। সেই দৃশ্য ঘিরেই ভুল ব্যাখ্যা থেকে এই গুজব ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।





































