মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহতের প্রকৃত সংখ্যা এখনও অজানা
- সর্বশেষ আপডেট ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 9
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক অভিযান ও পরবর্তী আঞ্চলিক সংঘাতে সরকারি হিসাবে ৭ হাজার ৩০০-এর বেশি মানুষের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও বিশেষজ্ঞদের মতে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।
তথ্য সংগ্রহে বাধা, ইন্টারনেট ব্ল্যাকআউট ও যুদ্ধক্ষেত্রে সীমিত প্রবেশাধিকার প্রকৃত হতাহতের হিসাব নির্ধারণকে কঠিন করে তুলেছে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইরান ও লেবাননে ৭ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে বিশ্লেষক ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধক্ষেত্রে প্রবেশে সীমাবদ্ধতা, সরকারি বিধিনিষেধ, ইন্টারনেট ব্ল্যাকআউট এবং তথ্য যাচাইয়ের জটিলতার কারণে সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স’-এর নির্বাহী পরিচালক ড. ইয়ান ওভারটন বলেছেন, একাধিক দেশে সংঘাত চলায় হতাহতের তথ্য প্রায়ই অসম্পূর্ণ ও যাচাই করা কঠিন হয়ে পড়ে। ফলে যুদ্ধ শেষ হলেও চূড়ান্ত মৃতের সংখ্যা নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলতে পারে।
ইরানের সরকারি হিসাবে অন্তত ৩ হাজার ৪৬৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএর হিসাবে মৃতের সংখ্যা ৩ হাজার ৬৩৬ জন। সংস্থাটি বলছে, তাদের তথ্যও ন্যূনতম হিসাব হিসেবে বিবেচনা করা উচিত।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি হামলায় সেখানে ৩ হাজার ৯১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। একই সময়ে হিজবুল্লাহর হাজারো যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে ইসরাইল।
জাতিসংঘের শান্তিরক্ষীরাও এই সংঘাতের শিকার হয়েছেন। বেসামরিক হতাহতের উচ্চ সংখ্যা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনাও বাড়ছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাম্প্রতিক হামলাগুলোতে অতিরিক্ত প্রাণহানির কথা উল্লেখ করেছেন।



































