আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি জানান, শুধু ইউনিফর্ম নয়, শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুলব্যাগ এবং জুতাও বিনামূল্যে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে এই কর্মসূচি উপজেলা পর্যায় থেকে বিস্তৃত করে সব শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। ভবিষ্যতে মাদরাসা ও হাইস্কুলকেও এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, বিজিএমইএ একাই প্রায় এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনও এই কর্মসূচিতে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, পাইলট পর্যায়ে প্রতিটি উপজেলার দুইটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এসব সামগ্রী সরবরাহের সিদ্ধান্ত হয়েছে। সব শিক্ষার্থীর জন্য একই ডিজাইনের ড্রেস, ব্যাগ ও জুতা নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।