শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী
- সর্বশেষ আপডেট ০১:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 34
শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত পথে যাচ্ছে এবং তারা ‘ভাইরাল হতে চায়’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম, এমনকি ইউনিফর্ম পরা শিক্ষার্থীরাও শিক্ষক ও মন্ত্রীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে দ্বিধা করছে না।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করা হয় গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ফেসবুক লাইভে এসে অপ্রাসঙ্গিক ও অসংলগ্ন মন্তব্য করছেন। কেউ কেউ ‘হাই’, ‘গো অ্যাহেড’, ‘ডু আ রিসার্চ’ সহ নানা মন্তব্য করেন, যা উদ্দেশ্যহীনভাবে ছড়িয়ে পড়ে এবং অনেক সময় ভাইরাল হওয়ার প্রবণতা তৈরি করে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এ অবস্থায় আমাদের তরুণ প্রজন্ম নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা শিক্ষক বা দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করতে দ্বিধা করছে না। প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের তরুণদের কোন পথে নিয়ে যাচ্ছি?’
তিনি আরও বলেন, দেশের জনসংখ্যাগত সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ভবিষ্যৎ শক্তিতে রূপান্তর করা যাচ্ছে কি না, তা নিয়েও ভাবার সময় এসেছে।
এছাড়া মেধাস্বত্ব ব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক মেধাস্বত্ব ব্যবস্থায় বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। অনেক ক্ষেত্রে দেশের উদ্ভাবন ও মেধাস্বত্ব বিদেশে গিয়ে রেজিস্ট্রেশন ও ট্রেডমার্ক পাচ্ছে, কিন্তু দেশে তা যথাযথভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না প্রশাসনিক জটিলতার কারণে।



































