অতিরিক্ত মদ্যপানে বগুড়ায় আরও চারজনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৮:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 398
বগুড়ায় অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগে শারদীয় দুর্গাপূজার দশমীর রাতে তিনজনের মৃত্যু হয়েছিল।
শুক্রবার (১০ অক্টোবর) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মানিক (২৫) এবং বিকেলে মারা যান আব্দুল্লাহেল কাফি (৩০)। এর আগে মঙ্গলবার মিজানুর রহমান মণ্ডল (৫০) এবং বৃহস্পতিবার নাছিদুল ইসলাম (২৭) মারা যান।
মৃত চারজনই বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় এখনও একজন রঞ্জু মিয়া (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, গত ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাড়িতে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর পরিবার তাদের শজিমেকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ৭, ৯ ও ১০ অক্টোবর ধারাবাহিকভাবে তিনজন মারা যান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।































