যেভাবে এনআইডি সংশোধনের নামে প্রতারণা হচ্ছে

- সর্বশেষ আপডেট ১১:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 5
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারকচক্র। নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্নভাবে এই প্রতারণা চালানো হচ্ছে। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে তথ্য অধিদপ্তর।
রোববার (২৯ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সংবাদকক্ষ থেকে পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, প্রতারকচক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে এনআইডি সংশোধনের প্রস্তাব দিচ্ছে। এ ক্ষেত্রে তারা হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য কোনো কোনো প্রতারক নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।
এভাবে পরিচয় ও পদবি জাল করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। তাই এনআইডি সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন প্রস্তাব ও আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর।


































