শরীয়তপুরে সংগীত ও নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

- সর্বশেষ আপডেট ০৩:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 35
শরীয়তপুরে নবধারা সংগীত একাডেমির আয়োজনে সংগীত ও নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের চৌরঙ্গীর মোড় এলাকায় একাডেমির কার্যালয়ে মানবতার আলো ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবধারা সংগীত একাডেমির সভাপতি এসএম এসকেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান অপু। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। বিশেষ অতিথি ছিলেন মানবতার আলো ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ ইয়াছিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, উদয়ন ললিত কলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিরন খান, নবধারা সংগীত একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম, অর্থ সম্পাদক মামুন খানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রধান অতিথির বক্তব্যে জান্নাতুল ফেরদাউস বলেন, সংগীত ও নৃত্য মানুষের সৃজনশীলতা, মননশীলতা এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করা প্রয়োজন। এতে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।
বিশেষ অতিথি শেখ মোহাম্মদ ইয়াছিন বলেন, মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে।
সভাপতি এসএম এসকেন বলেন, নবধারা সংগীত একাডেমি দীর্ঘদিন ধরে সংগীত ও নৃত্যচর্চার মাধ্যমে নতুন প্রতিভা বিকাশে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক কামরুজ্জামান অপু বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি অন্যদেরও নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



































