নরসিংদীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

- সর্বশেষ আপডেট ১২:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 216
নরসিংদীতে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নরসিংদী সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলাব মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহ. শাহনুর জামান, এডিসি সারোয়ার আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা হিরা আক্তার, সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াছ হোসেন ভূঁইয়া, নরসিংদী সদর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, রায়পুরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, নরসিংদী মডেল অনলাইন প্রেসক্লাবের সভাপতি বশির আহম্মদ মোল্লা এবং চেতনা বিকাশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি খন্দকার শহিদ উল্লাহ।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
































