কপ-৩১-এর অর্থ উপকূলে ব্যয়ের দাবি

- সর্বশেষ আপডেট ০৩:৪৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 20
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য পাওয়া অর্থসহায়তা ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতারা। একই সঙ্গে উপকূলের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ এবং উপকূল উন্নয়ন বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন তারা।
শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। ক্লাইমেট অ্যাকশন ফোরামসহ সাতটি সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন ও লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলীয় অঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবন ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। নিরাপদ পানির সংকট ও জীবিকার অনিশ্চয়তায় অনেক মানুষ বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, উপকূলীয় অঞ্চলকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। জলবায়ু সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। এ পর্যন্ত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কত অর্থ ব্যয় হয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব জনগণের সামনে প্রকাশ করতে হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশের জলবায়ু অর্থায়নের প্রায় ৬৭ শতাংশ এসেছে ঋণ হিসেবে। আবার বরাদ্দ পাওয়া অর্থ উপকূলের কোথায় এবং কোন প্রকল্পে ব্যয় হয়েছে, সে বিষয়ে উপকূলবাসীর কাছে স্বচ্ছ তথ্য নেই। বাঁধ নির্মাণের পরও তা ভেঙে যাচ্ছে। তাই আন্তর্জাতিক অর্থায়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে উপকূলীয় কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু আন্তর্জাতিক সম্মেলনের দিকে তাকিয়ে থাকলে চলবে না। বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে অভিন্ন অবস্থান নিতে হবে।
ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি আমিনুর রসুল বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত ও বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সুন্দরবন সুরক্ষা এবং উপকূল উন্নয়ন বোর্ড গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক জলবায়ু অর্থ উপকূলের জন্য সংরক্ষণ, জেলাভিত্তিক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন ও প্রকাশ এবং ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।
এ ছাড়া নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণ, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর পুনঃখনন ও পানি শোধনাগারের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা এবং জেলে, কৃষক, বনজীবী ও নারী উদ্যোক্তাদের জন্য জলবায়ু-সহনশীল জীবিকা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সুপারিশে সুন্দরবনসহ উপকূলীয় সবুজ বেষ্টনী রক্ষা, জলবায়ু তহবিলের বরাদ্দ ও ব্যয়ের তথ্য প্রকাশ, ইউনিয়নভিত্তিক সামাজিক নিরীক্ষা এবং পরিকল্পনায় নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়। পাশাপাশি জলবায়ু বাস্তুচ্যুত মানুষের আবাসন, জমি ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার অর্থ অনুদান হিসেবে দেওয়ার দাবি জানানো হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান-ইয়াত, পরিজার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বলসহ বিভিন্ন পরিবেশ ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।


































