প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় জোর দিলেন রাষ্ট্রপতি

- সর্বশেষ আপডেট ০৪:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 9
দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকারের নেওয়া কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাত অবহেলিত ছিল। বর্তমান সরকার এ খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং চিকিৎসাসেবার মান বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ডসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথাও রাষ্ট্রপতিকে জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।


































