টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম

- সর্বশেষ আপডেট ০১:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 15
বিদেশে যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে নিউ মার্কেটের টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) ডিবির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন সুইডেন আসলাম। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করার সময় তাকে আটক করা হয়।
পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার সকালে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নিউ মার্কেটের টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।
একসময় রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আলোচনায় ছিলেন সুইডেন আসলাম। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

































