কলকাতা-শিলিগুড়িতে বদলে যাচ্ছে ভিসা কেন্দ্র

- সর্বশেষ আপডেট ০৭:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 65
কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনছে সরকার। আগামী ডিসেম্বর থেকে পুরোনো কেন্দ্রের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান ও নতুন ঠিকানায় ভিসার আবেদন করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’-এর সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। সরকার এই চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে ডিইউ ডিজিটাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
এ কারণে ৩০ নভেম্বরের পর পুরোনো ঠিকানায় কোনো ভিসা আবেদন জমা না দেওয়ার জন্য আবেদনকারীদের অনুরোধ জানিয়েছে ডেপুটি হাই কমিশন।
নতুন ঠিকানা জানা যাবে আগামী সপ্তাহেই
নতুন ভিসা আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা খুব শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ জানান, বর্তমান কোম্পানির মেয়াদ না বাড়িয়ে নতুন প্রতিষ্ঠানের কাছে ভিসা প্রক্রিয়াকরণের দায়িত্ব দেওয়া হচ্ছে। ভিসা কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য আগামী সোম বা মঙ্গলবারের মধ্যেই নতুন প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা জানিয়ে দেওয়া হবে।
আউটসোর্সিং ও সার্ভিস চার্জ
কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ মিশনের সামনে আবেদনকারীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ২০২১ সালের ডিসেম্বর থেকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা আবেদন নেওয়ার উদ্যোগ নেয় সরকার। বিদেশের বাংলাদেশ মিশনগুলোর মধ্যে এটিই ছিল প্রথম আউটসোর্সিং কার্যক্রম।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত একে অপরের নাগরিকদের কাছ থেকে কোনো ‘ভিসা ফি’ নেয় না। তবে আবেদন প্রক্রিয়াকরণের জন্য নির্দিষ্ট সার্ভিস চার্জ নেওয়া হয়। বর্তমানে কলকাতা মিশনে শুল্কসহ এই চার্জ ৮২৫ রুপি। অন্যদিকে, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের (আইভ্যাক) প্রসেসিং ফি দেড় হাজার টাকা।
কমেছে ভিসা ইস্যুর সংখ্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্যমতে, বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোর মধ্যে কলকাতা ডেপুটি হাই কমিশন থেকেই সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয়। করোনা মহামারীর আগে প্রতি মাসে গড়ে ১৫ হাজার এবং দুর্গাপূজার সময় ২০ থেকে ২২ হাজার ভিসা ইস্যু হতো। তবে দুই দেশের সম্পর্কের বর্তমান টানাপড়েনের কারণে এখন মাসিক ভিসা ইস্যুর সংখ্যা কয়েকশতে নেমে এসেছে।




































