অনিয়ম ও অর্থ অপচয়ে রেহাই নয়: গণপূর্তমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৭:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 75
গণপূর্তের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার কিংবা সরকারি অর্থ অপচয়ের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তবে মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে কাউকে হয়রানি করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করতে কুমিল্লা ও বগুড়ায় নতুন দুটি জোন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে কুমিল্লা জোনের অধীনে অধিকসংখ্যক জেলা ও উপজেলা থাকায় প্রশাসনিক চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
নির্মাণকাজের মান, প্রকল্পের অগ্রগতি ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। প্যানেলের সদস্যদের নিয়ে চার-পাঁচজনের পৃথক দল তৈরি করা হবে। এসব দল বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জেলা ও প্রকল্পে আকস্মিক পরিদর্শন করবে। কোনো স্থায়ী দল না রেখে পর্যায়ক্রমে দল পরিবর্তনের মাধ্যমে প্রকল্পের প্রকৃত অবস্থা যাচাই করা হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করছেন। আগামী দশ বছর তাঁর নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের চেহারা বদলে যাবে। এ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। তাই প্রকল্প বাস্তবায়নে অপচয়, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। ব্যক্তিগত স্বার্থের চেয়ে রাষ্ট্রীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, প্রকল্পের ব্যয় যৌক্তিক রাখতে হবে, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে এবং নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে হবে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা কাজের মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না।
সভায় স্বাগত বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































