খুলনায় যুবককে গুলি করে মোবাইল ছিনতাই

- সর্বশেষ আপডেট ১২:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 148
খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া দারোগাপাড়া মোড় এলাকায় শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবককে গুলি করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ অক্টোবর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম লুৎফর শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় বিশাল আমতলা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট ও মাস্ক পরা তিন ব্যক্তি সেখানে আসে। একপর্যায়ে তাঁদের একজন বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাঁ ঊরুতে গুলি লাগে। পরে তাঁর সঙ্গে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ হওয়ার পর রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে স্বজনেরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও এসআরবির কয়েকটি দল কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
































