রোহিঙ্গাদের বিচারপ্রাপ্তিতে ভার্চুয়াল শুনানি
- সর্বশেষ আপডেট ০৮:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 143
রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের উখিয়া-টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে ভার্চুয়াল শুনানি কার্যক্রম চালু করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২ডব্লিউতে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।
ক্যাম্প ২ডব্লিউতে স্থাপিত দূরবর্তী শুনানি কেন্দ্রের কার্যক্রম প্রদর্শন এবং উপকারভোগীদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে ভার্চুয়াল শুনানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বিচারপ্রার্থীদের আদালতে যাতায়াতের দীর্ঘ পথ, নিরাপত্তাজনিত ঝুঁকি, চেকপোস্টে বিলম্ব এবং চলাচলের বিভিন্ন সীমাবদ্ধতা কমানো সম্ভব হবে। একই সঙ্গে ভুক্তভোগী ও সাক্ষীদের আদালতে সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজনীয়তাও কিছু ক্ষেত্রে কমবে।
কক্সবাজার জেলা আদালত থেকে উখিয়ার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার এবং টেকনাফের দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। ফলে দুর্গম এলাকা থেকে আদালতে যাতায়াতের ক্ষেত্রে বিচারপ্রার্থীদের যে ভোগান্তি ও ঝুঁকি রয়েছে, ভার্চুয়াল শুনানির মাধ্যমে তা অনেকটাই কমানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ভার্চুয়াল কোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদেমুল কায়েস, আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মঞ্জুরুল হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার নাজমুল ইসলাম ভূঁইয়া এবং জেলা লিগ্যাল এইড কর্মকর্তা অভিজিৎ চৌধুরী।
অনুষ্ঠানে রোহিঙ্গা বিচারপ্রার্থী, ইউএনএইচসিআর ও ব্লাস্টের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





























