নড়িয়ায় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন

- সর্বশেষ আপডেট ০৭:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 143
শরীয়তপুরের নড়িয়া উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান।
প্রধান অতিথির বক্তব্যে মো. সফিকুর রহমান কিরণ বলেন, বিএনপি সবসময় জনগণের মৌলিক অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করে। নড়িয়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আধুনিক ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এটি চালু হওয়ায় স্থানীয় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে। স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য মৌলিক সেবার মানোন্নয়নে জনগণের পাশে থেকে কাজ করার পাশাপাশি নড়িয়ার মানুষের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, ২৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নড়িয়া উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তবে একটি পক্ষ উচ্চ আদালতে রিট আবেদন করায় হাসপাতালটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। পরে রিট আবেদনটি নিষ্পত্তি হওয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
হাসপাতালটি চালু হওয়ায় নড়িয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় তিন লাখ মানুষ উন্নত সরকারি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নড়িয়ার মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। ৫০ শয্যার হাসপাতালটি চালু হওয়ায় স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে নেওয়ার প্রয়োজনও কমবে বলে তারা আশা করছেন।































