সংবিধান সংস্কার ইস্যুতে জামায়াত-এনসিপির বয়কট

- সর্বশেষ আপডেট ০৮:৪৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 270
জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। তবে সংবিধান সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতপার্থক্যের কারণে বৈঠক বয়কট করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কয়েকটি দলও বৈঠকে অংশ নেয়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেন। গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনডিএম, আমজনতার দল, ইসলামী ঐক্যজোট, ভাসানী জনশক্তি পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, গণফোরাম ও গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে সদস্যরাও বৈঠকে অংশ নেন। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দলগুলোর কাছ থেকে সংবিধান সংশোধনের বিষয়ে মতামত নেওয়াই বৈঠকের মূল উদ্দেশ্য।
সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটের সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ের দুজন করে প্রতিনিধিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের কাছে সংবিধান সংশোধনের বিষয়ে মতামত তুলে ধরার অনুরোধ জানানো হয়।
তবে জামায়াতে ইসলামী ও এনসিপি এই প্রক্রিয়ায় অংশ নেয়নি। দল দুটির দাবি, গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। ওই পরিষদ গঠন না করে সংসদের বিশেষ কমিটির মাধ্যমে সংস্কার কার্যক্রম চালানোর উদ্যোগে তারা রাজি নয়।
এর আগে ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
জুলাই জাতীয় সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব রয়েছে। এর মধ্যে ৪৮টি সংবিধান-সম্পর্কিত। সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করেছিল। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এসব প্রস্তাব নিয়ে গণভোটও অনুষ্ঠিত হয়।
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পর ওই আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কারকাজ শেষ করার কথা ছিল। তবে বিএনপি সরকার গঠনের পর সংস্কার পরিষদ গঠন করা হয়নি।
এর পরিবর্তে ১৩ জুলাই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি রাখার প্রস্তাব দেওয়া হলেও জামায়াতসহ বিরোধী দলগুলো কোনো প্রতিনিধি দেয়নি।
এ অবস্থায় বিশেষ কমিটি দলগুলোর মতামত নিয়ে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। অন্যদিকে জামায়াত ও এনসিপির বৈঠক বয়কটের মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক মতপার্থক্যও স্পষ্ট হয়েছে।































