চরফ্যাশনে দুই ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
- সর্বশেষ আপডেট ০৩:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 26
ভোলার চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হাসপাতাল রোডে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. রুবেল ও ইউসুফ। অভিযানে রুবেল মেডিকেল ও আল সাফিয়া মেডিকেলে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং অনিবন্ধিত ওষুধ মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ ও অনিবন্ধিত ওষুধ বিক্রির অপরাধে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩-এর ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ছাড়া হাসপাতাল রোডের রুমা মেডিকেল পরিদর্শন করে ড্রাগ লাইসেন্স ও ওষুধের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, প্রাথমিকভাবে কয়েকটি ওষুধের দোকানে পরিদর্শন ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং অবৈধ বা বিক্রয় নিষিদ্ধ ওষুধের বাজারজাত বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বিভাগীয় ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শরীফুল মোল্লা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।






























