সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জে জরিমানা
- সর্বশেষ আপডেট ০১:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 174
সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ করলে জরিমানা করা হবে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত না মানলে এসব যানবাহনের নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধিত যানবাহনের নিবন্ধন নবায়নও করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলোকে সিটি করপোরেশন ও পৌরসভার মাধ্যমে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধনের অন্যতম শর্ত হিসেবে এসব যানবাহন সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে।
তিনি জানান, সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে বিদ্যুৎ নিয়ে ই-রিকশা চার্জ করলে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধন দেওয়া হবে না। আগে থেকে নিবন্ধিত থাকলেও নিয়ম না মানলে তা নবায়ন করা হবে না।
নিয়ম ভেঙে সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করে ই-রিকশা চার্জ করলে জরিমানার বিধানও করা হচ্ছে বলে জানান মীর শাহে আলম। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে রাজধানীর যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে ঢাকাকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। পরিকল্পনা অনুযায়ী, একটি জোনে নিবন্ধিত ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।
পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনেও একই ধরনের ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।
তিনি জানান, এসব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে এবং চলতি অর্থবছরের বাজেটে এ অর্থ বরাদ্দ রাখা হয়েছে।




























