বিদ্যুৎ ঘাটতির জন্য দায়ী অবৈধ অটোরিকশা: জ্বালানিমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০১:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 12
অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধভাবে চলা অটোরিকশাগুলোর কারণে এমন একটি বিদ্যুতের চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টরা উল্টো আইনশৃঙ্খলা বাহিনী ও বিদ্যুৎকর্মীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ করেন তিনি।
বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি গ্যাসের চাহিদা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রায় ১০ থেকে ১২ দিন আগে একটি টার্মিনাল স্থাপনের জন্য অর্ডার দেওয়া হয়েছে।
তিনি জানান, মোংলা ও হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি সরবরাহে সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ সময় জ্বালানি তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু । তিনি বলেন, তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।


































