আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

- সর্বশেষ আপডেট ০১:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 195
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও রুমানা আফরোজসহ অতিথিরা।
আলোচনা সভায় মৎস্য খাতের সম্ভাবনা, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, মৎস্যজীবীদের সুরক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন আরও বাড়াতে হবে।
বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল রহমান দিপু ফরাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ সফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক আব্বাস কাজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল মৎস্যচাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।






























