রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক
- সর্বশেষ আপডেট ১১:২৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 15
রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে বিএনপির শীর্ষ পর্যায়ের ও জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, বৈঠকে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। সিদ্ধান্তের পর নির্ধারিত সময়ের মধ্যে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
দলের একাধিক উচ্চপর্যায়ের সূত্রের দাবি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির প্রস্তুতিতে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন মির্জা ফখরুল।
আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এই শূন্য পদে নির্বাচন আয়োজনের জন্য জাতীয় সংসদের বিশেষ বৈঠক আহ্বান করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসীর উদ্দীন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হবে। এ কারণে রাষ্ট্রপতি প্রার্থিতা চূড়ান্ত করার পাশাপাশি দলের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়েও বিএনপির ভেতরে আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।




























