রাতভর লাইনে, গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ
- সর্বশেষ আপডেট ১১:৩৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 7
গ্যাস সংকটের দ্রুত সমাধানের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৬টা থেকে জামালপুর শহরের বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করছেন তারা।
চালকদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘ সময় গ্যাসের পাম্পে লাইনে দাঁড়িয়েও তারা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। দিনের পর দিন চলমান সংকটের কারণে গাড়ি স্বাভাবিকভাবে চালাতে না পারায় তাদের আয়ও কমে গেছে।
মামুন নামে এক অটোরিকশাচালক বলেন, ‘রাত ১২টা থেকে লাইনে বসে আছি, এখনো গ্যাস পাইনি। আমরা ভাড়ায় গাড়ি চালাই। গ্যাস না পেলে গাড়ি চালাব কীভাবে? তাই বাধ্য হয়ে সবাই মিলে রাস্তা অবরোধ করেছি।’
আরেক চালক রমজান বলেন, ‘শুধু কিছু নির্দিষ্ট গাড়িকে গ্যাস দেওয়া হয়। আমরা সাধারণ চালকরা গ্যাস পাচ্ছি না। আমাদের জন্য আলাদা গ্যাস পাম্পের ব্যবস্থা অথবা সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হলে আমরা অবরোধ তুলে নেব।’
চালকদের দাবি, গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি সিএনজি অটোরিকশার জন্য পর্যাপ্ত গ্যাসের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রীদের পাশাপাশি পণ্যবাহী পরিবহনের চালকরাও দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।



































