একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে আহত ৪ যাত্রী
- সর্বশেষ আপডেট ১২:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 7
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি যাত্রীবাহী ট্রেন। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্তত চারজন আহত হন। তবে চালকদের সতর্কতা ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কলেজ ট্রেন (নং-৪৯২) সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেন একই লাইনে চলে আসে। দুই ট্রেনকে মুখোমুখি অবস্থানে দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অন্তত চারজন আহত হন।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
সুখানপুকুর রেলস্টেশনের স্টেশনমাস্টার আব্দুল মতিন জানান, কলেজ ট্রেনকে তখনও সিগন্যাল বা লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


































