জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেকে
- সর্বশেষ আপডেট ০২:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 24
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের অংশগ্রহণে কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা তুলে ধরা প্ল্যাকার্ড নিয়ে শিবিরের একদল নেতাকর্মী সেখানে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় জবি ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিম আরিফ, ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইয়াসিন সাইফসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের কর্মীদের ক্যাম্পাস থেকে সরিয়ে দেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে ক্যাম্পাস ও আশপাশের পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য, এর একদিন আগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীতে ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে অন্তত সাতজন আহত হন।



































