গোলাপগঞ্জে যাব, দেখি সরকারের কত সন্ত্রাসী আছে: নাহিদ ইসলাম

- সর্বশেষ আপডেট ০৫:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 179
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনার পর সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার যদি সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণও প্রতিরোধ গড়ে তুলবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে দেশে আবারও সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। হবিগঞ্জের ঘটনার পর গোলাপগঞ্জেও হামলার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে শুধু ১১ দল নয়, দেশের ছাত্র-জনতা এবং সব গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আমরা গোলাপগঞ্জে যাব। সেখানে দাঁড়িয়ে দেখব, এই সরকারের কত সন্ত্রাসী আছে এবং তারা আমাদের কতটা বাধা দিতে পারে। জনগণের অধিকার, সংস্কার ও বিচার প্রতিষ্ঠার দাবিতে আমাদের কর্মসূচি চলমান থাকবে।”
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ব্যবহৃত গাড়ির কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
ঘটনার বিষয়ে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, গাড়িবহর চলাচলের সময় পাশ থেকে কেউ ঢিল ছুড়ে মারলে একটি গাড়ির কাচ ভেঙে যায়। তার ভাষ্য, এটিকে সংগঠিত গাড়িবহরে হামলা হিসেবে দেখার মতো তথ্য এখন পর্যন্ত পুলিশের কাছে নেই এবং আহত হওয়ার কোনো খবরও পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে ২৯ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন নেতাকর্মী আহত হন। এনসিপির অভিযোগ, হামলায় ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী জড়িত ছিলেন।

































