তথ্য মন্ত্রণালয়ের আইন বদলের নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৫:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / 16
ডিজিটাল প্রযুক্তির প্রসার এবং নতুন নতুন যোগাযোগমাধ্যমের বিকাশের ফলে তথ্য ও সম্প্রচার খাতে বিদ্যমান আইনকে সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন আইন প্রণয়নের পরিকল্পনাও রয়েছে।
রোববার (৫ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আইন আধুনিকায়ন ও নতুন আইন প্রণয়ন-সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মন্ত্রী বলেন, মানুষের জীবনযাপন, যোগাযোগ ও সামাজিক আচরণে ডিজিটাল প্রযুক্তির প্রভাব দ্রুত বাড়ছে। প্রযুক্তি যেমন নতুন সুযোগ তৈরি করেছে, তেমনি সৃষ্টি করেছে নানা ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ। এসব বাস্তবতা মোকাবিলায় কার্যকর ও আধুনিক আইনি কাঠামো গড়ে তোলা জরুরি।
তিনি জানান, মন্ত্রণালয়ের আওতাধীন সব আইন, বিধি, প্রবিধান ও নীতিমালা পর্যালোচনার কাজ শুরু হয়েছে। কোন আইন সংশোধন প্রয়োজন, কোথায় নতুন আইন দরকার এবং কোথায় আইনি ঘাটতি রয়েছে—এসব বিষয় বিশ্লেষণ করে সুপারিশ দেওয়া হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, একসময় তথ্য মন্ত্রণালয়ের কার্যক্রম মূলত প্রিন্ট ও সম্প্রচারমাধ্যমে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনভিত্তিক বিভিন্ন মাধ্যমের বিস্তারে অনেক ক্ষেত্রই প্রচলিত আইনের বাইরে থেকে গেছে। তাই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে মিল রেখে আইনও আধুনিক করতে হবে।
তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রণীত আইন ও অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশের উপযোগী আইনি কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, সাইবার জগৎ, ডিজিটাল ট্রান্সমিশন ও প্রযুক্তিনির্ভর সেবাগুলোকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে সরকারি-বেসরকারি অংশীজন, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মতামত নেওয়া হবে। প্রয়োজনে কমিটির বাইরের বিশেষজ্ঞদেরও যুক্ত করা হবে।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব শাহ আলম, মন্ত্রণালয়ের আইনজীবী প্যানেলের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

































