মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের সাজা
- সর্বশেষ আপডেট ০৪:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 11
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আদালত তার বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয় আন্দোলনকারীকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, বলপ্রয়োগ ও ‘শুট অ্যাট সাইট’ নীতিতে সমর্থন, কুষ্টিয়ায় আন্দোলনকারীদের তালিকা তৈরি ও নির্যাতনের নির্দেশ, দমন-পীড়নে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পরিকল্পনা এবং ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয়জন আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ।
প্রসিকিউশনের দাবি, জুলাই আন্দোলন চলাকালে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ইনু বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। আদালতে ফোনালাপের ট্রান্সক্রিপ্ট ও বিশেষজ্ঞ মতামতসহ বিভিন্ন নথি উপস্থাপন করা হয়।
২০২৫ সালের মার্চে তদন্ত শুরু হয়ে সেপ্টেম্বরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। একই বছরের নভেম্বরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষী এবং আসামিপক্ষের দুইজন সাফাই সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। মামলায় ২০ সিরিজের নথি ও পাঁচটি আলামত উপস্থাপন করা হয়।
বিচার চলাকালে ইনু নিজেকে নির্দোষ দাবি করে সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক ও বানোয়াট বলে দাবি করেন। তার আইনজীবী খালাস প্রার্থনা করলেও যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।
২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন হাসানুল হক ইনু। বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে ৮৭টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।































