স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না
- সর্বশেষ আপডেট ০৭:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 35
স্থানীয় সরকার নির্বাচনে এবার দলীয় প্রতীক ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, যদিও প্রতীক থাকবে না, তবুও রাজনৈতিক প্রভাব ও দলীয় সমর্থন মাঠে সক্রিয় থাকতে পারে।
সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে প্রার্থীদের পাশে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। তার মতে, ভবিষ্যতে সব নির্বাচনে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
তিনি রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে সহিংসতাহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। অতীতের স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় সংঘাতের রূপ নেয়।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একা নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার—সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। তাই স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন সবসময় নিরপেক্ষ অবস্থানে থেকেছে। বড় রাজনৈতিক নেতারা ফোনে যোগাযোগ করতে চাইলেও তিনি অফিসে এসে কথা বলার নিয়ম বজায় রেখেছেন। নিজের বিবেক ও আইন মেনে চলাকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।


































