হাদি হত্যা মামলার দুই আসামি ফেরত দেবে ভারত

- সর্বশেষ আপডেট ০৯:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 152
দিল্লিতে বৈঠকের পর অগ্রগতি—প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রক্রিয়া শুরুতে দুই দেশের সম্মতি।
বাংলাদেশের জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এদিন নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর ও তেল-গ্যাসমন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছে খলিলুর রহমান ও হামিদুল্লাহ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন।
বিবৃতিতে বলা হয়, আলোচনায় দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতেও মতবিনিময় হয়।
খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
হাদি হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তারে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হবে—এতে উভয়পক্ষ একমত হয়েছে।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে বাংলাদেশ পক্ষ আবারও অনুরোধ জানায়।
বৈঠকে জয়শঙ্কর জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—আরও সহজ করা হবে।
অন্যদিকে, সম্প্রতি ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে খলিলুর রহমান সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন। জবাবে হরদীপ পুরী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
তিন দিনের সফরে মঙ্গলবার দিল্লি যান পররাষ্ট্রমন্ত্রী। সফর শেষে ৯ এপ্রিল তিনি মরিশাসের উদ্দেশে রওনা হবেন।



































