ট্রাম্প ইরানে হামলা ১০ দিনের স্থগিত ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমছে

- সর্বশেষ আপডেট ০৩:১৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 107
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সম্ভাব্য হামলার সময় ১০ দিন পিছিয়ে দেয়ার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কিছুটা নামতে শুরু করেছে।
গত কয়েকদিনের উর্ধ্বমুখী ধারা সাময়িকভাবে থমকে গেছে, কিন্তু বাজার বিশ্লেষকরা সতর্ক।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হতেই ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ০৭ ডলারে নেমেছে।
আমেরিকার বাজারে ডব্লিউটিআই দাম ১ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়ে ১০৬ দশমিক ১২ ডলারে বিক্রি হচ্ছে। এর আগের সপ্তাহে দাম কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ১০ দিনের আল্টিমেটাম মূলত তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশল। হরমুজ প্রণালী খোলার বা আলোচনায় বসার জন্য ইরানের ওপর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
তবে সরবরাহ ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন না হলে তেলের দাম আবারও ১১০ ডলারের গণ্ডি ছাড়াতে পারে।
চীন ও ভারতের মতো বড় আমদানিকারক দেশগুলো এই সময় মজুত বাড়ানোর চেষ্টা করছে। পারস্য উপসাগরীয় দেশগুলোও পরিস্থিতি নজরদারি করছে।
আইইএ প্রধান ফাতিহ বিরোল সতর্ক করেছেন, বিশ্ব এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি হতে পারে। ট্রাম্পের ঘোষণায় সাময়িক স্থিতিশীলতা এলেও যুদ্ধ ও বাজারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।



































