মার্কিন অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা ‘দীর্ঘদিন টিকবে না’: ট্রাম্প

- সর্বশেষ আপডেট ০৩:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 137

ডেলাওয়্যারের ডোভার থেকে ফ্লোরিডার মিয়ামিগামী একটি ফ্লাইটে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-৭ মার্চ, ২০২৬, (সল লোয়েব / এএফপি)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। ইরানের নেতৃত্ব পরিবর্তন ঘিরে আলোচনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।
মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতাকে কার্যত যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে। তাঁর দাবি, সেই সমর্থন না থাকলে ওই নেতা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না।
ভবিষ্যতে যেন কয়েক বছর পরপর একই ধরনের সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সেটি নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র এমন অবস্থান নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেন, তিনি চান না কয়েক বছর পর আবার একই সমস্যা সামনে আসুক বা ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগিয়ে যাক।
সাম্প্রতিক দিনগুলোতে তিনি বারবার বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব নির্ধারণে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সেই নেতৃত্ব কী ধরনের হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।
এদিকে ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে নতুন নেতা নির্বাচন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
এখনো আনুষ্ঠানিকভাবে উত্তরসূরির নাম ঘোষণা করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, প্রভাবশালী ধর্মীয় পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে বিবেচনা করছে।
পরিষদের এক সদস্য হোসেইনালি এশকেভারি জানিয়েছেন, নতুন নেতা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই তা ঘোষণা করা হবে। তাঁর ভাষায়, “খামেনি নামটি থাকবেই।”
তবে মোজতবা খামেনিকে নিয়ে ট্রাম্প কঠোর মন্তব্য করেছেন। তিনি তাকে “গ্রহণযোগ্য নন” এবং “দুর্বল নেতা” বলে অভিহিত করেন। একইভাবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তি আলি লারিজানিকেও কটাক্ষ করেন তিনি।
লারিজানি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ইরানের নেতা ও জনগণের রক্তের প্রতিশোধ নেওয়া হবে এবং ট্রাম্পকে এর মূল্য দিতে হবে। জবাবে ট্রাম্প বলেন, তিনি লারিজানিকে নিয়ে মোটেই উদ্বিগ্ন নন এবং তার কথাকে গুরুত্ব দেন না।
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন বিভিন্ন যুক্তি তুলে ধরছে। ওয়াশিংটন বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি।
একই সঙ্গে দেশটিতে সরকারবিরোধী আন্দোলন দমনের ঘটনাও সমালোচনার মুখে পড়েছে।
শুক্রবার সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না—শুধু নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া। তাঁর মতে, যদি গ্রহণযোগ্য নতুন নেতৃত্ব আসে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করতে পারে।
অন্যদিকে তেহরান এ অবস্থান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তাঁর ভাষায়, ইরান আত্মসমর্পণ করবে না এবং যতদিন প্রয়োজন প্রতিরোধ চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, গত বছরের সংঘাতে যে যুদ্ধবিরতি হয়েছিল এবার সেই পরিস্থিতি নেই। এক বছরের মধ্যে দ্বিতীয়বার হামলার পর আবার যুদ্ধবিরতির কথা তোলা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেশী দেশগুলোতে হামলার অভিযোগও অস্বীকার করেছে তেহরান। আরাগচির দাবি, ইরানের লক্ষ্য ছিল ওইসব দেশে অবস্থান করা মার্কিন বাহিনী। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।































