দেশে এসেছে বিএনপির নামে নিবন্ধিত বুলেটপ্রুফ গাড়ি

- সর্বশেষ আপডেট ০১:২৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 183
বিএনপির নামে নিবন্ধিত বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি–২৫০ দেশে এসে পৌঁছেছে। গাড়িটির আমদানি, রেজিস্ট্রেশন, ফিটনেস ও কর–শুল্কসহ মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকায়। দলীয় সূত্র বলছে—ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদার করতেই এ যানটি আনা হয়েছে।
বিআরটিএর নথি অনুসারে, গত মঙ্গলবার সাত সিটের সাদা রঙের এই প্রাডো জিপটি বিএনপির নামে নিবন্ধন করা হয়। ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলের নয়াপল্টন কার্যালয় (২৮/১ নয়াপল্টন)। ২,৮০০ সিসির এই হার্ড–টপ মডেলটি ২০২৪ সালে জাপানে উৎপাদিত হলেও আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে। দেশে আনে তেজগাঁওয়ের এশিয়ান ইমপোর্টস লিমিটেড।
আমদানির বিল অব এন্ট্রি অনুযায়ী, গাড়িটির ঘোষিত মূল্য ছিল ৩৭ হাজার মার্কিন ডলার। জাতীয় রাজস্ব বোর্ড ডলারের বিপরীতে ১২২ টাকা ৪১ পয়সা ধরে শুল্কায়ন করায় ভিত্তিমূল্য দাঁড়ায় প্রায় ৪৫ লাখ ২৯ হাজার টাকা। তবে কাস্টমস কর্তৃপক্ষ মূল্য গণনায় ৪১ হাজার ডলার ধরা হয়। শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর বাবদ পরিশোধ করতে হয়েছে ২ কোটি ৩১ লাখ টাকার বেশি। সব মিলিয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকা।
রেজিস্ট্রেশনের দিনই গাড়িটির ফিটনেস সনদ প্রদান করেন ঢাকা মেট্রো–১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার। ফিটনেসের মেয়াদ থাকবে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত। ট্যাক্স টোকেন দেওয়া হয়েছে এক বছরের জন্য, যা আগামী ডিসেম্বর মাসে নবায়ন করতে হবে।
এর আগে চলতি বছরের জুন ও অক্টোবর মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার উদ্দেশ্যে বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেয়। তবে নতুন এই গাড়িটি সেই অনুমতির আওতায় কিনা, এটি তারেক রহমানই ব্যবহার করবেন কিনা বা এতে কী ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আছে—এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি। এ নিয়ে তারেক রহমানের উপদেষ্টা বা বিএনপির মিডিয়া সেলের কারও মন্তব্য পাওয়া যায়নি।


































